শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল

দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটিয়ে আস্থা ফেরাতে পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে

পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক— এই পাঁচ ব্যাংককে একীভূত করে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটির সৃষ্টি। গত রবিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় একীভূতকরণের সিদ্ধান্ত হয়। পরে সোমবার নতুন প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তর করা হয়।

Advertisement

মূলধন কাঠামো

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর অমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা— যা দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় মূলধন কাঠামোর একটি।

চেয়ারম্যানের বক্তব্য

ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “সরকারি মালিকানায় নতুন একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক বার্তা। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে।”

মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, ব্যাংকের ভিশন, মিশন, আইন-কানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। সামনে পাঁচ ব্যাংকের আইনানুগ একীভূতকরণ এবং পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধন বৃহস্পতিবার

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকিং খাত পুনর্গঠন ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারের বড় পদক্ষেপ হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে দেখছেন সংশ্লিষ্টরা। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ