মনজুর এ আজিজ : টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। রাজধানীর বাজারগুলোতে প্রকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রামপুরা, বনশ্রী মেরাদিয়া, তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে।
বনশ্রী মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা করিম বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা ১৬০০ থেকে ১৭০০ টাকা। এরপর যাতায়াত খরচ তো রয়েছেই। প্রতিদিন এক থেকে দুই পাল্লা মরিচ আনলেও আজ ১ কেজি মরিচ এনেছি। তবে দুই একদিনের মধ্যে দাম না কমলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন বলে জানান তিনি। তাছাড়া দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি করছেন না।
তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় ৩০০ টাকা বেড়েছে বলে জানালেন শেওড়াপাড়া বাজারের তরকারি বিক্রেতা শাহজাহান মিয়া। তিনি বলেন, তিনদিন আগেও ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ৪০০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। কাঁচা মরিচ বিক্রি করে লাভ করা কষ্টকর হয়ে গেছে।
এদিকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না। এজন্য বাজারে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।