শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল

বাসস : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে ‘নিরাপত্তা ছাড়পত্র’ কার্যক্রম আগামীকাল থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে।

এখন থেকে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা তাদের কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে (https://bidaquickserv.org/) জমা দিতে পারবেন। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীকে কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন আবশ্যিকভাবে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর ২১ কার্যদিবসের মধ্যে কোনো আপত্তি না থাকলে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে গণ্য হবে। কর্মানুমতি গ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃক কর্মানুমতিতে উল্লেখিত নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন না করলে কর্মানুমতি বাতিল হয়ে যাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়ায় বিনিয়োগকারীরা এখন আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন। আমরা বিশ্বাস করি, এই সংস্কার বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ও সুবিধাকে বিবেচনায় নিয়ে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “ডিজিটালাইজড নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আন্তঃসংস্থাগত সমন্বয়কে শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা ও কর্মানুমতি সংক্রান্ত সেবা আরও সহজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাবে, যাতে সেবার মান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত হয়।”

গত ২ সেপ্টেম্বর বিডা প্রধান কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির উপস্থিতিতে একটি আন্তঃসংস্থাগত বৈঠক অনুষ্ঠিত হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইন-শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজেশন, নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানের সুযোগ এবং আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে, যা এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

  • সর্বশেষ