মনজুর এ আজিজ: বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আগামী ৬ মাস তফসিলি ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় সাশ্রয়ী হওয়ার নিদর্শনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এই সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
সার্কুলারে বলা হয়েছে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২২ পঞ্জিকা বছরের অবশিষ্ট ৬ মাস (জুলাই-ডিসেম্বর ২০২২) এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাস (জানুয়ারি-জুন-২০২৩) সময়ে ব্যাংকসমূহের ব্যয়ে কৃচ্ছ সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত বিষয়াদি যথাযথভাবে পরিপালনের জন্য।
আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো:
জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), ওয়েল ও লুব্রিকেন্ট এর বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাসে ১০ শতাংশ হ্রাস করতে হবে।
বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ পঞ্জিকা বছরের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে। সাশ্রয়কৃত অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।
পূর্বোক্ত অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকগণের চাহিদার প্রেক্ষিতে সরবরাহ করতে হবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।