হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার কেনাবেচার রশিদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ওমেরা এলপিজি ডিলার, একটি ফিলিং স্টেশন ও একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
অভিযানকালে মুন্সিবাজার এলাকার ওমেরা এলপিজি’র ডিলার ‘আল বারাকাহ অ্যান্ড কোং’-এর গুদামে সিলিন্ডার কেনাবেচার কোনো রশিদ না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাখুন্ডা মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরি ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা এবং লালখাঁর মোড় এলাকার ‘রিজিক ড্রিংকিং ওয়াটার’ নামক পানি সরবরাহকারী প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের সিএম লাইসেন্স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও মাঠ কর্মকর্তা (সিএম) এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।