ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার টাংগন ঈদগাহ মাঠের পাশের একটি কাঁচা রাস্তা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টাংগন ঈদগাহ মাঠের পাশের কাঁচা রাস্তা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের জঙ্গলে অবস্থান নেন।
একপর্যায়ে এক ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে দেখেন বিজিবি সদস্যরা। তাঁকে আটক করতে ধাওয়া করলে বস্তাটি ফেলে পালিয়ে যান তিনি। পরে বস্তাটি তল্লাশি করে ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ পাওয়া যায়। এ সময় মাদক বহনকারীকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মদ মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে। এসব মদ চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।