হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পদ্মা নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের নর্থ চ্যানেলের গোলডাঙ্গীর চরে এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। ‘জলবায়ু পরিবর্তন সবার জন্য ঝুঁকি, নারীর জন্য দ্বিগুণ হুমকি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।
জেলা মহিলা পরিষদের সহসভাপতি হাসিনা মোশাররফের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি নারীদের ওপর তুলনামূলক বেশি প্রভাব ফেলে। তাই এ চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দ্রুত জনসচেতনতা বাড়াতে হবে।
সভা শেষে চরাঞ্চলে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ সংক্রান্ত কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।