হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলক্রসিংয়ের প্রায় ১০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী 'মধুমতি এক্সপ্রেস' ট্রেনটি বাশাগাড়ী এলাকা অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল হক ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।