সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে উনচিপ্রাং বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। এ সময় মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তি মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে ক্যারেটটি ফেলে পালিয়ে যায়। পরে ক্যারেটটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।