হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক সপ্তাহ ধরে সোহাগী রানী মন্ডল (৩২) নামে এক নারী নিখোঁজ রয়েছেন। সন্ধান না পেয়ে তার স্বামী গৌরাঙ্গ ভৌমিকসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। মায়ের অপেক্ষায় প্রহর গুনছে তার দুই শিশুসন্তান নিলয় (৮) ও খুশী (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ইশিবপুর গ্রামের ভাড়া বাসা থেকে বের হন সোহাগী। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ সোহাগীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, চুল কালো এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ছাপার থ্রি-পিস।
এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ১৮২০।
সোহাগী রানী মন্ডলের কোনা সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতা চলছে।