শিরোনাম
◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াচ্ছে শিশুকন্যা। ছবি: সংগৃহীত

বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দিল খাবার। বাবার অসহায় মুখ আর মেয়ের এমন মমতার দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারা রাত অনাহারে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবার মুখে মেয়েকে খাবার তুলে দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

advertisement

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন। যুগান্তর

  • সর্বশেষ