অনলাইনে ভূমিসেবা নিয়ে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলায় ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। একই সময়ে দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি অভিযোগ।
ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা (জিআরএস) থেকে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের হিসাব দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি করা হয়েছে। ফলে অভিযোগ নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ।
অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। জেলাটিতে ১৯৭টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যার হার ৪১ শতাংশ। এরপর পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।
সারাদেশে একই সময়ে অনলাইনে মোট ১৫ হাজার ২০১টি ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪ হাজার ৩৮৪টি নিষ্পত্তি হয়েছে। এখনো অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি অভিযোগ। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ।
সে হিসাবে চট্টগ্রামে অভিযোগ নিষ্পত্তির হার জাতীয় গড়ের চেয়ে ২৬ শতাংশ পয়েন্ট বেশি। সংখ্যার দিক থেকেও দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহের তুলনায় চট্টগ্রামে ২৮৯টি বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।
অভিযোগ করে মিলছে সমাধান
অনলাইনে অভিযোগ করে ভূমিসেবা পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের কয়েকজন নাগরিক।
চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন একটি অভিযোগের আবেদনকারী শফিকুল ইসলাম খান জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে সমস্যায় পড়ে তিনি জিআরএসে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন।
শফিকুল ইসলাম বলেন, তার ভূমি উন্নয়ন কর পরিশোধের সমস্যা সমাধান হয়েছে। পরে তিনি অনলাইনেই দাখিলা পেয়েছেন।
হাটহাজারী উপজেলার আরেক অভিযোগকারী নুরদ্দীন জানান, অনলাইনে অভিযোগ করার পর তার সমস্যার সমাধান হয়েছে। পরে ডাকযোগে তিনি নামজারি খতিয়ানও পেয়েছেন।
ভূমি জটিলতা কমাতে নজরদারি
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অনেক মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে নাগরিকদের মামলা, হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ভূমিসংক্রান্ত অভিযোগ ও সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।