হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সরদারসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো: মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো: সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) এবং হৃদয় খান (২৫)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই মো: মামুন হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একাধিক দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ রেকর্ডের তথ্যমতে, গ্রেপ্তার সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বে ৭টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ৮টি, মো: মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মো: সোহাগ কাজীর বিরুদ্ধে ১টি, মো: রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ২টি এবং মো: মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে ১টি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে সকল গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে। আটককৃতদের মধ্যে বেশিরভাগ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক মামলা রয়েছে।