হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দায় ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরকান্দা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
অভিযানকালে নগরকান্দা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী শরিফুল আলমসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। এর পর সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিধান রয়েছে। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে নগরকান্দা বাজারে অভিযান চালানো হয়। এ সময় রাত ৮টার পর দোকান খোলা পাওয়ায় সতর্ক করার পাশাপাশি ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।