নিজ নির্বাচনি এলাকা নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি।
বাবরের উদ্যোগ ও অর্থায়নে তাদের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী নিশ্চিত করেছেন।
ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তা।
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের এই দল সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই দলের সঙ্গে যাচ্ছেন না।
পিএস মির্জা মো. হায়দার আলী বলেন, লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনি এলাকা মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি নিজেও এই দলের সঙ্গে যাচ্ছেন। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিবসহ ১৮ জন এই দলে রয়েছেন।
অন্যদিকে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ ১৭ জন যাচ্ছেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়সহ ১১ জন রয়েছেন।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই দলে রয়েছেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতেই এ ধরনের চিন্তা করেছি। পর্যায়ক্রমে আরও যারা আছেন তাদের ওমরাহ পালন করানোর জন্য উদ্যোগ নেব আমরা। এতে মানুষজন চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আকৃষ্ট হবেন। আমি আখিরাতের কথা চিন্তা করেই এ কাজটা করেছি। ভবিষ্যতে আরও পাঠাব ইনশাআল্লাহ।