কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নে যাতায়াতের অত্যতম গুরুত্বপূর্ণ সড়ক "পুইছড়ি প্রেম বাজার থেকে ছনুয়াগামী সরলিয়া বাজার সংযোগ সড়ক"টি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকা ও সড়কজুড়ে বড় বড় খানাখন্দ আর বিপজ্জনক গর্তের কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় হাজারো মানুষ। অথচ এ সড়কটি উপকুলীয় ছনুয়া এলাকা এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে আসা যাওয়ার একমাত্র সড়ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারও পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় পুরো সড়ক এখন খানাখন্দে ভরা। বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পণ্যবাহী যানবাহন। মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বর্ষার মৌসুমে বা সামান্য বৃষ্টিতেই এই দুর্ভোগের মাত্রা বহুগুণ বেড়ে যায়। গর্তগুলোতে পানি জমে কাদামাটিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাই কঠিন হয়ে পড়ে। মুমূর্ষু কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও পড়তে হয় চরম বিপাকে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ওই এলাকার অন্যতম ব্যস্ত যোগাযোগের মাধ্যম হলেও এটি যেন দেখার কেউ নেই। তাদের প্রশ্ন—আর কত ভোগান্তি পোহালে নজর পড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সরজমিনে পরিদর্শন করে স্থায়ী সংস্কার ও মেরামতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
বিগত দিনে এ সড়ক সংস্কারে নানা ভাবে বরাদ্দ করা হলে ও কার্যত যথাযথ কাজ না হওয়াতে সড়কের এ অবস্থা বলে করেন সিএনজি চালক কালাম, নুর আহমদ ,শফি আলম , মতলব সহ আরো অনেকে। অটোরিক্সা চালক জানে আলম বলেন, সামান্য বৃষ্টি হলে এ সড়কে গাড়ি চালাতে পারি না,ফলে আমাদের গাড়ি ভাড়া দেওয়া ও সংসার চালানো কষ্ট সাধ্য হয়ে পড়ে । বিগত দিনে অনেকবার গাড়ি দুঘর্টনার কবলে পড়েছে। সড়কটি সংস্কারের নামে বিগত দিনে কিছু ইট বসিয়ে দিয়ে চলে যায় । ভারী যানবাহন চললে গর্ত হয়ে ভোগান্তি হয় বলে সে উল্লেখ করে।
একই কথা বললেন স্থানীয় বেশ কয়জন। তাদের দাবী দ্রুত সড়কটি যথাযথ ভাবে সংস্কার করা হউক।
দুভোর্গের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি মুহাম্মদ জহিরুল ইসলামের সহযোগিতা কামনা করলে ,তার জবাবে এমপি লিখেন, "প্রেম বাজার টু সরলিয়া বাজার সড়ক টেন্ডারের প্রক্রিয়া চলমান, এই বছরেই কাজ শুরু হবে, ইনশা আল্লাহ।"
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর বলেন, পুইছড়ি থেকে খুদুলখালী পর্যন্ত সড়কটি কার্পেটিং ও ঢালাই করার জন্য মন্ত্রনালয়ে বাজেট প্রেরন করা হয়েছে,আশা রাখি বরাদ্দ আসলে স্বল্প সময়ের মধ্যে কাজ করা হবে । কারণ সড়কটির অবস্থা খুবই খারাব বলে তিনি উল্লেখ করেন।