এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে মিড-ডে মিলের ডিম সেদ্ধ করার গরম পানিতে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ডিম সেদ্ধ করার পর গরম পানি সরিয়ে নেওয়ার সময় ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাধিক অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ডিম সেদ্ধ, শাক তোলাসহ বিভিন্ন কাজ করানো হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ তাদের।
তবে অভিযোগ অস্বীকার করে মাহফুজের শ্রেণি শিক্ষক ফাহমিদা আক্তার বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।