এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে হুমকির শিকার ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোবিন্দ চন্দ্র মণ্ডলের সঙ্গে দেখা করে এক ভিডিও বার্তায় তাঁকে আইনি সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেন এমপি মাসুদ।
এ সময় তিনি বলেন,“আপনাকে হুমকি দেওয়ার অডিও আমি শুনছি। তারপর সঙ্গে সঙ্গে বাউফল ইউনিয়নের জামায়াত নেতাদের আপনার বাসায় পাঠিয়েছি। আপনারা এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এসব করছে কোনো কোনো ব্যক্তি নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে বড় করার জন্য। কিন্তু কাপুরুষরাই এগুলো করে। আর আমি মনে করি, সে যেহেতু একটা দলের পরিচয় দিয়েছে, আমি মনে করি অবশ্যই তার দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবং নেওয়া উচিত। যেহেতু বর্তমান সরকার মনে করে, তারা একটা নিরাপদ বাংলাদেশ করতে পারছে বা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচন যে কেউ করতেই পারেন। অধিকার আছে। তিনি একজন নাগরিক। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং তাঁর ব্যাপারে না, শুধু আমার বাউফলের সাধারণ একজন নাগরিকেরও নিরাপত্তা দেওয়ার প্রশাসনের দায়িত্ব আছে। আমি আশা করব, প্রশাসন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের কয়েকজনের সঙ্গে কথাও বলেছি।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি আরো বলেন, এখন এ ব্যাপারে আপনি নিরাপত্তার জন্য জিডি করতে পারেন। কপিটা আমাকে দেবেন। আমি এ ব্যাপারে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের একজন জনপ্রতিনিধি হিসেবে যা যা করার দরকার, আমি সবটুকু করব। আমাদের বাউফলের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা আপনার সঙ্গে থাকবে। আমি আশা করি, বাউফলে আপনারা নিরাপদ জীবনযাপন করবেন। আপনারা যদি কোনো নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সে ব্যাপারেও আমি পাশে থাকার চেষ্টা করব।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি অভয়বানী দিয়ে বলেন, আপনি আর আপনার পরিবার বাউফলেই নিরাপদ থাকবেন। ইনশাআল্লাহ। আমি বলেছি, বাউফলের হিন্দু-মুসলিম আমরা একটা পরিবার। আপনারা দেখছেন, জাতীয় নির্বাচনের পরে আমরা নিরাপদ বাউফল ধরে রাখতে কাজ করে যাচ্ছি। এখন সরকার দলের কেউ যদি চেষ্টা করে আমাদের মধ্যে নিরাপত্তাহীন বাউফল তৈরি করতে, তাহলে আমরা প্রশাসনের সহায়তায় তার ফয়সালা করব। যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা বাউফলবাসী একসঙ্গে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আমি শিগগিরই বাউফল এসে আপনাদের সঙ্গে দেখা করব। ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবাহান, বাউফল উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গোবিন্দ চন্দ্র মণ্ডলকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে বৃহস্পতিবার বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল। এ-সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে জেলা বিএনপির নেতারা ফরিদ গাজীকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে।