ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো-কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালার রড কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। এ সময় আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে পরিবারটি জানিয়েছে।
এ ঘটনায় পরদিন পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করেন।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর চুরির রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চুরির সঙ্গে জড়িতরা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রির জন্য অবস্থান করছে। পরে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সীমা খাতুন বলেন, ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে তাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে জানালার রড কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। ভোরে তার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তার স্ত্রী এজাহার দায়ের করেছিলেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।