শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি ইমরানের, ফিরে পেতে আকুতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নিখোঁজের আড়াই মাস পেরিয়ে গেলেও ১৩ বছর বয়সী ইমরান খানের সন্ধান মেলেনি। সন্তান জীবিত থাকুক কিংবা মৃত—অন্তত তার সন্ধান চান অসহায় বাবা-মা। সন্তানের অপেক্ষায় দিন কাটছে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে বসবাস করা পরিবারটির।

নিখোঁজ ইমরান খান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের চুন্নু খানের বড় ছেলে। সংসারের হাল ধরতে মাঝেমধ্যে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হতো সে। গত ১৪ জুন প্রতিবেশী শামীম মোল্যার (২১) ধান ভাঙানোর কথা বলে বাবার কাছ থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় ইমরান।

নিখোঁজের তিন দিন পর ১৭ জুন বিকেলে পাশের মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে শামীমের আত্মীয় এলিনা বেগমের বাড়ি থেকে ইমরানের সঙ্গে থাকা ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে পুলিশ। পরে একটি পাটখেত থেকে ইমরানের ব্যবহৃত জুতা ও একটি কোদাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন জামিনে রয়েছেন এবং দুজন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত শামীম মোল্যা এখনো পলাতক।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইমরানের বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে বসবাস করছে পরিবারটি। সাংবাদিকদের উপস্থিতিতে সন্তানের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন ইমরানের মা-বাবা ও পরিবারের সদস্যরা।

ইমরানের বাবা চুন্নু খান বলেন, ‘আমার ছেলে জীবিত না মৃত, কোনো তথ্যই আমরা জানি না। আড়াই মাস ধরে খোঁজ করেও ছেলের সন্ধান পাইনি। এখন শুধু চাই, ছেলে বেঁচে থাকলে তাকে ফিরিয়ে দেওয়া হোক। আর যদি মারা গিয়ে থাকে, তাহলে অন্তত তার মরদেহটি খুঁজে বের করে দেওয়া হোক।’

ইমরানের মা হাজেরা বেগম বলেন, ‘ভ্যানটি উদ্ধার হয়েছে, কিন্তু আমার ছেলের কোনো সন্ধান মেলেনি। ছেলেকে খুঁজতে ফরিদপুর হাসপাতাল, মুকসুদপুর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ঘুরেছি। কোথাও তাকে পাইনি।’

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ জুন বেলা ১১টার দিকে বাজারে গিয়ে ইমরানকে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী শামীম মোল্যার সঙ্গে যোগাযোগ করা হয়। ইমরান কোথায় জানতে চাইলে শামীম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন বলে অভিযোগ পরিবারের।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজের তিন দিন পর ১৭ জুন অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেন ইমরানের বাবা চুন্নু খান। মামলা দায়েরের দিনই বিকেলে মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রাম থেকে এনায়েত শেখের স্ত্রী এলিনা বেগমকে (৩২) আটক করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ইমরানের ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান।

ওই দিনই শামীম মোল্যা পালিয়ে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। একই দিন শামীমের বাবা টুকু মোল্যা (৬৫) ও স্ত্রী সাথী বেগমকে (২১) আটক করা হয়। পরে তদন্তকালে মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রাম থেকে রাসেল মাতুব্বর (২১) নামে আরও এক যুবককে আটক করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘পুলিশের পক্ষ থেকে এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ পর্যন্ত এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছি। কয়েকজন জামিনে আছেন, দুজন এখন জেলে রয়েছেন। মামলার প্রধান অভিযুক্ত শামীম পলাতক রয়েছেন। আমরা তাঁকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শামীমকে গ্রেপ্তার করতে পারলেই এ ঘটনার জট খুলে যাবে।’

  • সর্বশেষ