কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে এক মহিলার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা উধাও হওয়ার ঘটনায় অভিযুক্ত মোহছেনা বেগম (৩৫) নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে থানার অপারেশন অফিসার (এসআই ) মোঃ আরিফ হোসেন বুধবার সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানান। তার আগে মঙ্গলবার দিবাগত রাত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহছেনা বেগম বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমেনা বর বাড়ির রবিউল আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজায় অবস্থিত প্রাইম ব্যাংক থেকে ভুক্তভোগী রাবেয়া খাতুন (৫৭) ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ ৩৬ হাজার টাকা উত্তোলন করে এবং সাথে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন।
অভিযোগ রয়েছে, জিএস প্লাজার সামনে আসার পর মোহছেনা বেগম, তার সহযোগী রবিউল (৪৫) ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর নাক-মুখে চেতনানাশক বা ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করেন। এতে তিনি দিশেহারা হয়ে পড়লে অভিযুক্তরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে তার কাছে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে পুলিশ অভিযান শুরু করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় একজন নারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।