ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন।
আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। সরকার এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা রয়েছে। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হচ্ছে।
বুধবার দুপুরে তিন দিনের সরকারি সফরে এসে জেলা বিজেপির আয়োজনে ভোলা পৌর শহরের নতুনবাজার বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেকটা মানুষই চান, প্রত্যেকটি মানুষ আন্দোলন করছে এবং সেতুর জন্য আমরা সবাই কাজ করছি। সেতুর বিষয়টি সরকার তার নিজস্ব অবস্থান থেকে দেখছে এবং মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এ ছাড়া এসব বিষয়ে তিনি ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি বলেন,আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায়। ভোলায় ১২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হবে এবং নদী ভাঙনরোধে ৭০০ কোটি টাকা বরাদ্দ এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদী বন্দরে যান তথ্যমন্ত্রী। এরপর সেখান থেকে স্পিডবোট যোগে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে আসেন। এ সময় মন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ। এ সময় বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।