এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় চলন্ত ট্রেনের খাবার গাড়িতে এক নারীকে (৪২) ধর্ষণের ঘটনায় ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন, এটিএসআই খোকন ইসলাম, কনস্টেবল আশিকুল রহমান, গোলাম মোস্তফা ও ফফলে রাব্বী। ঘটনার দিন যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে তারা ওই ট্রেনে ডিউটিতে ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন।
জানা যায়, সোমবার (৩১ আগষ্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারগাড়িতে ওঠেন। এরপর খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার করে সাহায্য চাইলে অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ঘটনার ব্যাপারে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশসহ মোট পাঁচজনকে। মামলায় আবু বক্করকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এদিকে খোঁজ নিয়ে যায় গেছে, ঘটনার দিন যাত্রীদের নিরাপত্তার জন্য ওই ট্রেনে টিউটিতে ছিলেন এটিএসআই খোকন ইসলাম, কনস্টেবল আশিকুল রহমান, গোলাম মোস্তফা ও ফফলে রাব্বী। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও দায়িত্ব অবহেলার কারনে ওই চার পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকতা।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, ধর্ষণের অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ট্রেনের ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সেইসাথে ওই নারীর করা মামলার তদন্তও চলছে।