হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে রোপা আমনের চারা সংগ্রহ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন হাটে চারা কেনার ধুম পড়েছে, যার প্রভাবে বিগত মৌসুমের তুলনায় চলতি বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার জোরালো আশা দেখছে স্থানীয় কৃষি বিভাগ।
উপজেলার ঐতিহ্যবাহী মধুখালী সদর ও কামারখালী হাটে ঘুরে দেখা গেছে ধানের চারা বিক্রির হিড়িক। বর্তমানে মধুখালী হাটে প্রতি বোঝা চারা ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চারার মান ও জাতভেদে এ দাম কম-বেশি হচ্ছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা।
মধুখালী হাটের চারা বিক্রেতা সামাদ শেখ জানান, এবার হাটে চারার সরবরাহ বেশ ভালো। কৃষকরা নিজেদের জমির ধরন অনুযায়ী পছন্দমতো চারা সংগ্রহ করছেন।
হাটের খাজনা আদায়কারী মো. ইমন শেখ বলেন, "সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চারার কেনাবেচা চলছে। বিশেষ করে উন্নত ও ভালো মানের চারার প্রতি কৃষকদের চাহিদা সবচেয়ে বেশি।"
আমন আবাদের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী বলেন, "উপজেলায় রোপা আমনের বিআর-৮৭, বিআর-৩৭, বিআর-৭৫ ও বিনা-৭ সহ বেশ কিছু জনপ্রিয় জাতের চারা রোপণ করা হচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সাধারণত চারা রোপণের উপযুক্ত সময়। আগাম ও ভাসমান চারা উৎপাদনসহ বিভিন্ন কার্যকর পদ্ধতির সহায়তায় ইতোমধ্যে ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের (৮ হাজার ৬৬০ হেক্টর) চেয়ে বেশি। সেপ্টেম্বর মাসজুড়ে রোপণের সুযোগ রয়েছে এবং সম্প্রতি যে বৃষ্টিপাত হয়েছে, তা আমন চাষের জন্য অত্যন্ত আশীর্বাদস্বরূপ। আশা করছি খুব দ্রুতই আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।"