মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের কৃষক মাঈন উদ্দিন। একসময় সেলুন ব্যবসা করতেন। ছোটবেলা থেকেই বাবাকে কৃষিকাজ করতে দেখে কৃষির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। প্রায় তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর বিভিন্ন ধরনের সবজি চাষ করে সংসারের হাল ধরেছেন।
চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও বি-স্ট্রং প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উন্নত জাতের বীজ ব্যবহার করে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন মাঈন উদ্দিন। নতুন এ পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পাওয়ায় তাঁর মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।
সম্প্রতি বিদ্যাকুট গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, মালচিং পলিথিনে ঢাকা জমিতে সারি সারি বেগুনগাছ। গাছগুলোতে ঝুলছে অসংখ্য বেগুন। নিয়মিত পরিচর্যার পাশাপাশি মাঈন উদ্দিন নিজেই জমি থেকে বেগুন সংগ্রহ করছেন। তিনি জানান, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ কেজি বেগুন সংগ্রহ করা হচ্ছে। আরও প্রায় দুই মাস এ জমি থেকে বেগুন সংগ্রহ করা যাবে বলে আশা করছেন তিনি।
মাঈন উদ্দিন বলেন, ‘আমার বাবা কৃষিকাজ করতেন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে যাওয়া-আসা করতাম। তখন থেকেই কৃষির প্রতি ভালো লাগা তৈরি হয়। শুরুতে বিভিন্ন সবজি চাষ করেছি। এবার কৃষি অফিসের পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে পার্পল কিং জাতের বেগুন চাষ করি।’
তিনি বলেন, ‘আগে এভাবে চাষ করিনি। মালচিং দেওয়ার পর জমিতে আগাছা কম হয়েছে। মাটিতে আর্দ্রতাও ভালো থাকছে। গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে।’
বাজারদর সম্পর্কে মাঈন উদ্দিন বলেন, বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করা যাচ্ছে। বাজারে দাম ভালো থাকলে কোনো কোনো দিন কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
স্থানীয় কৃষক খোকন মিয়া বলেন, কৃষি অফিসের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বেগুন চাষে সাফল্য পাওয়া সহজ হয়েছে। বর্তমানে বেগুনের বাজারদরও ভালো। ফলে এ চাষে কৃষকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
বিদ্যাকুট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সফুরুল্লাহ বলেন, মাঈন উদ্দিন প্রথমবার মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে ভালো ফলন পেয়েছেন। তাঁর জমি নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব। আশা করছি, সম্পূর্ণ মৌসুম শেষে মাঈন উদ্দিন তিন লক্ষাধিক টাকা লাভ করতে পারবেন।
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, বি-স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঈন উদ্দিন মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে ভালো ফলন ও বাজারমূল্য পেয়েছেন।
তিনি বলেন, ‘মাঈন উদ্দিনের সাফল্য দেখে চলতি মৌসুমে প্রায় চার বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের পরিকল্পনা করা হয়েছে।’
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের প্রদর্শনী, প্রশিক্ষণ ও মাঠ দিবসের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। মালচিং পদ্ধতিতে চাষাবাদের ফলে আগাছা নিয়ন্ত্রণ, মাটির আর্দ্রতা ধরে রাখা এবং গাছের পরিচর্যা সহজ হয়। এতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয়ও বাড়ানোর সুযোগ তৈরি হয়।
সেলুন ব্যবসা ছেড়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়া মাঈন উদ্দিনের বেগুন চাষের এ সাফল্য এখন এলাকার অন্য কৃষকদেরও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। তাঁর মতো কৃষকের উদ্যোগ ও সাফল্য ছড়িয়ে পড়লে সবজি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।