শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৩ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় কিশোরগ্যাং দুই লিডার গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার 

আশরাফুল নয়ন, জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপারের মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তোলে। এরপর তারা ওই গ্যাংয়ে স্থানীয় কিশোরদের যোগ দিতে বাধ্য করত। কেউ যোগ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। একই সঙ্গে তারা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এরমধ্যে গত ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আবারও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর আমার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্তে অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে তারা জানতে পারি সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি বগুড়া জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে আজ রাতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একতা পরিবহনের বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর সুলতান ও পারভেজকে সঙ্গে নিয়ে তাদের দেখানো মতে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন, মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজন প্রায় আট মাস কারাগারে ছিলো। গ্রেপ্তার দুজনের মধ্যে সুলতান ও পারভেজ প্রায়ই পকেটে সুইচ গিয়ার চাকু রাখত এবং তা দিয়ে মানুষকে আঘাত করত। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ