হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকে দলীয় নেত্রীর সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছে। অথচ দেশের জনগণ আজ জ্বালানি সংকটে ভুগছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথার বাইপাস সড়কে স্থানীয় বিএনপির আয়োজনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি খাতে জনগণ যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার অনেকটাই আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হয়েছে। মাঝখানে দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপির অবদান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ ৪৮ বছরের ইতিহাসে দেশের মানুষের ওপর কোনো বিপদ নেমে এলে বিএনপি সবসময় পাশে দাঁড়িয়েছে। দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু এই অল্প সময়েই তিনি কৃষি, শিল্প, প্রবাসী আয় ও মৎস্যশিল্পসহ উৎপাদনমুখী অর্থনীতির বীজ বপন করে গেছেন। গত ৪৮ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তি শহীদ জিয়ার অবদান থেকেই সৃষ্টি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৮০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে ফেরান। যারা আজ নতুন বাংলাদেশের কথা বলেন, তাদের মনে রাখতে হবে—উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে বিএনপির ঐতিহাসিক অবদান রয়েছে।
সাম্প্রতিক নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের পর ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছে।
তিনি আরও জানান, সরকার যখন অর্থনীতি সচল করার চেষ্টা করছে, তখন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে প্রবাসীরা কষ্টে আছেন এবং জ্বালানি সংকটও তৈরি হচ্ছে। তবে ঐক্যবদ্ধ থেকে সততার সঙ্গে কাজ করলে এসব সংকট দ্রুতই কাটানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পাশাপাশি পায়রা ও বেলুন উড়ানো হয়।