আজিজুল ইসলামঃ বাঘারপাড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহাদাত হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর গ্রামের ওসমান ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ফজরের আজানের পর বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি মোটরযান বা ট্রাক শাহাদাত হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এর কিছুক্ষণ পর তাঁর ছেলে রেজাউল ইসলামও মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি প্রথমে চিনতে না পারলেও কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি তাঁর বাবা।
শাহাদাত হোসেন গাজীপুরের হারবাইদ মাধ্যমিক বিদ্যালয় এবং পরে বাঘারপাড়ার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। করিমপুর গ্রামে তাঁর নেতৃত্বে ‘অগ্রদূত সমবায় সমিতি’ গড়ে ওঠে। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল।
স্থানীয়রা জানান, যশোর-নড়াইল মহাসড়কের ধলগ্রাম রাস্তা থেকে ভাঙ্গুড়া বাজার পর্যন্ত অংশে বৃষ্টি হলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শাহাদাত হোসেনের মৃত্যুতে করিমপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।