নিনা আফরিন, পটুয়াখালী প্রতিনিধি : ভুক্তভোগী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় পটুয়াখালীর দশমিনায় দুই ডিলারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেল ২টার দিকে উপজেলা সদরের নলখোলা বাজার এলাকায় ওই দুই ব্যবসায়ীর দোকানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।
অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন নলখোলা বন্দরের মেসার্স লুনা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী অমল সাহা এবং একই বাজারের মেসার্স হাতেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাতেম আলী। এর মধ্যে অমল সাহাকে নগদ ৮ হাজার টাকা এবং হাতেম আলীকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।