হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের সার্কিট হাউজ ও পুলিশ লাইন্সের মধ্যবর্তী সড়কটি। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। এতে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের প্রতিদিনের যাতায়াতে নামছে চরম দুর্ভোগ।
সরেজমিনে জানা যায়, প্রায় ১৫০ মিটারের এই সড়কটির এক পাশে অবস্থিত ফরিদপুর সার্কিট হাউজের দ্বিতীয় প্রবেশপথ। জলজটের কারণে এই পথে আসা-যাওয়া ব্যাহত হওয়ায় অতিথিরা বাধ্য হয়ে বিকল্প গেট ব্যবহার করছেন। অন্যদিকে, সড়কটিতে রয়েছে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় গেট। প্রধান সড়কের বিশৃঙ্খলা ও যানজট এড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে যাতায়াতের জন্য গেটটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সামান্য বৃষ্টিতেই পথটি ডুবে যাওয়ায় প্রধান সড়কের মূল গেট ব্যবহারে বাধ্য হচ্ছেন সবাই। এতে প্রধান সড়কে তীব্র যানজট তৈরির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষাও ঝুঁকিতে পড়ছে।
প্রতিদিন এই পথ দিয়ে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুল ও ফরিদপুর হাই স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী চলাচল করে। দীর্ঘসময় পানি জমে থাকায় হেঁটে চলাচলেও চরম কষ্ট পোহাতে হয় তাদের।
সমস্যার কথা স্বীকার করে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ বলেন, "পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ সীমাহীন। অনতিবিলম্বে এখানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"
ড্রেনেজ সমস্যার বিষয়ে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, ওই এলাকায় আগে ড্রেন ব্যবস্থা সীমিত থাকলেও সম্প্রতি পুলিশ হাসপাতালসহ পার্শ্ববর্তী এলাকায় নতুন ড্রেন নির্মাণ করা হয়েছে। সার্কিট হাউজ সংলগ্ন সড়কের ড্রেনেজ সমস্যা সমাধানেও খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, "ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে প্রকৌশলীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিগগিরই পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোগান্তি থেকে রেহাই পেতে দ্রুত সময়ের মধ্যে এই সড়কে একটি স্থায়ী ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয়রা।