হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জেলার বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্তের সশস্ত্র হামলায় বিএনপি নেতাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— সালথা উপজেলা বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ (মাওলানা আবুল কালাম আজাদের ছেলে) এবং যুবদল নেতা সোলাইমান মাতুব্বর।
স্থানীয় সূত্র জানায়, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের হাটবারে পাশে সালথা উপজেলার খারদিয়া এলাকা থেকে সোলাইমান মাতুব্বর কেনাকাটা করতে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল তার ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে পৌঁছে সোলাইমানকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এর কিছুক্ষণ পরই হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফার্মেসির ভেতরে ঢুকে মুশফিক বিল্লাহ জিহাদের ওপরও হামলা চালায়। এতে তিনিও মারাত্মক রক্তাক্ত জখম হন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান মাতুব্বর ও তারা মিয়ার নেতৃত্বে মাসুদ রানা, মজনু মাতুব্বর, পান্নু মাতুব্বর, ফারুক মাতুব্বর, মারুফ মাতুব্বর ও ইয়াসিনসহ ১০-১২ জন এ হামলা চালিয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।