ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে আল আমিন (৪০) নামের নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। তিনি সারের ব্যবসা করতেন। ভৈরব বাজারে তাঁর রিভারভিউ নামে একটি আবাসিক হোটেল আছে।
নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, গতকাল দিবাগত রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন সৈকত। এ সময় অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তারা খবর পেয়ে সৈকতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁর ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।