মিজান লিটনঃ চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী বাঘ শাহজাহান ও ২ নারীসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম।
চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাট বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি।
ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে বাঘ শাহজাহান এবং হাসনা ও মিথিলা নামে দুই নারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ওসি মজিবুর রহমান জানায়, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহারের তথ্য মিলেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।