জুয়েল নাগ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক-পিকআপের সাথে সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র। তিনি ওই ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে থেকে আসতে ছিলেন তিনি। আবুতোরাব বাজারে পাশে মাস্টার পাড়া মুসলিম চত্বরে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে সালাউদ্দিন নিহত হন।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।