কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বুধবার (২২ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে তাদের দুর্দশার কথা শোনেন জাতিসংঘের এই অভিবাসন সংস্থা। এ সময় কাথরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইওএম সহযোগিতায় স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পক্ষ থেকে ত্রিপল (তেরপাল) বিতরণ করা হয়। পরিদর্শনকালে আইওএম-এর চিফ অব মিশন লরা টম বন্ড বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য বলেন, 'জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি আমরা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে আমি নিজেই এসেছি। বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া, বাসস্থান হারিয়ে ফেলা দেখে সত্যিই কষ্ট লাগছে।'
তিনি আরও বলেন, 'আমি এখানে এসেছি, আপনাদের সমস্যাগুলো বুঝতে এবং সরাসরি দেখতে।আপনাদের বন্যাকবলিত সমস্যাগুলো সমাধানে আমরা কিভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতেও আপনাদের পাশে সহায়তা নিয়ে থাকতে চাই। আজকে যে সহায়তা নিয়ে এসেছি সেটা আমাদের প্রাথমিক ধাপ। আগামীতেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে বড় আকারে কাজ করে যাব।'
এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, অভিবাসন সংস্থা আইওএম-এর ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেস্ট অফিসার সানজিদা আক্তার,উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়া, কাথরিয়ার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদ চৌধুরী,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ সহ ইপসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।