ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ট্রেনে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী টিকিট হেডকোয়ার্টারের টিটিই (ভূমিম্যান টিটিই) মো. সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা-২ কার্যালয় থেকে ২১ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, রাজশাহী টিকিট হেডকোয়ার্টারে কর্মরত ভূমিম্যান টিটিই মো. সুমন আলী ২১ জুলাই ঢাকা-রাজশাহীগামী ৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এতে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ তাকে একই দিন থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে ডিসিও/পাকশী দপ্তরে উপস্থিত থাকতে হবে।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা-২ (পাকশী বিভাগ) স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পশ্চিম), বিভাগীয় ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে ঢাকা-রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান আলীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে আটকে পড়া হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধাপে ধাপে রাজশাহী থেকে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।