সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীরপাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া জানান, স্ত্রীর দায়ের করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে সংঘবদ্ধ একদল লোক পুলিশের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনো পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, পুলিশের ওপর হামলা ও পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। পলাতক আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।