সরওয়ার আজম মানিক, কক্সবাজার : সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কক্সবাজারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা চকরিয়ায় এখনো কাটেনি দুর্ভোগ। বন্যার পানি নেমে গেলেও বিভিন্ন এলাকায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। বিশুদ্ধ খাবার পানির সংকট, খাদ্যাভাব এবং বসতঘর মেরামতের অর্থের অভাবে বিপাকে পড়েছেন হাজারো পরিবার। সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে চকরিয়া উপজেলার নবগঠিত পহরচাঁদা ইউনিয়নের ১ হাজার ৪০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম ও গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বন্যার তাৎক্ষণিক সংকট কিছুটা কমলেও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক পরিবার এখনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। ঘরবাড়ি মেরামতের সামর্থ্য না থাকায় অনেকে ভাঙাচোরা ঘরেই মানবেতর জীবনযাপন করছেন। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সরেজমিনে পহরচাঁদা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কাজ করছেন। তবে অর্থের অভাবে অসংখ্য পরিবার এখনো ভেঙে পড়া কিংবা ঝুঁকিপূর্ণ ঘরেই বসবাস করতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের মতে, খাদ্য সহায়তার পাশাপাশি ঘর পুনর্নির্মাণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।