শিরোনাম
◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে পিটিয়ে যুবক হত্যা: ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)।

আরএমপি’র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুন সন্ধ্যায় রাজশাহী নার্সিং কলেজের হোস্টেলে প্রবেশ করেন রাকিবুল হাসান রকি। এ সময় তাকে চুরির সন্দেহে আটক করে হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে রকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানাকে অবহিত করে।

ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ায় তার বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য, শিক্ষার্থীদের বক্তব্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. সোয়েব আক্তার শিমু (২৫), নড়াইল সদর উপজেলার ভাওখালী গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে মো. ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. আতিকুর রহমান (২৫)। তারা সবাই রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলের শিক্ষার্থী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশ্যে হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তকরণ এবং বিস্তারিত তথ্য সংগ্রহের স্বার্থে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হতে হবে।"

  • সর্বশেষ