শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ হাওরে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান,কাদঁছেন কৃষক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় গত গত রবিবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি, তুফান ও বজ্রপাত হয়েছে। বৃষ্টিতে পানি বাড়ার পাশাপাশি বজ্রপাতের ভয়ে মাঠে ধান কাটতে নামতে পারছেন না কৃষকেরা। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। বৃষ্টির পানিতে ধান তলিয়ে নষ্ট হওয়ায় আশঙ্কায় কেউ কেউ কাঁদছেন।

বিস্তীর্ণ হাওরে দুই দিন আগেও যেখানে ধান বাতাসে দুলছিল, পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। তবে টানা তিন দিনের বৃষ্টিতে হাওরের অনেক জায়গার ধান তলিয়ে গেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ও আদমপুর এলাকাসহ ইটনা ও মিঠামইন হাওরের কিছু এলাকায় প্রায় দুই হাজার হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে।

কিশোরগঞ্জ হাওরে দেখা গেছে, কৃষকেরা 'গলাডোবা' ধান কাটছেন। নৌকা দিয়ে ধান কেটে পাড়ে আনা হচ্ছে। অতিরিক্ত শ্রমিক খরচ করে কোনো রকমে অনেকে ধান কেটে তুলছেন। কেউ আবার শেষ সম্বল হিসেবে ডুব দিয়ে কিছু পচা ধান কেটে কলাগাছের ভেলার ওপরে তুলে এনেছেন। অনেক জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর যে ধান কয়েক দিনের মধ্যে ঘরে তোলার কথা ছিল, তা এখন পানির নিচে। হাঁটু বা কোমরপানিতে নেমে কেউ কেউ ধান কাটলেও অনেক কৃষকই আশা ছেড়ে দিয়েছেন।

মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আব্দুল্লাহপুর হাওরে এবার ১০ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন কৃষক রতন মিয়া। পুরো পরিবারের খাওয়া দাওয়া, সন্তানদের লেখাপড়াসহ সব খরচই চলে এই ধানের আয় থেকে। কিন্তু শ্রম-ঘামে ফলানো সেই ধান এবার তলিয়ে গেছে পানিতে। এক ছটাক ধানও ঘরে তুলতে পারেননি তিনি। সামনে একটি বছর কীভাবে চলবে, ঋণের টাকা কীভাবে শোধ করবেন-এই দুশ্চিন্তায় দিশাহারা রতন মিয়া।

শুধু রতন মিয়াই নন, গত কয়েক দিনের বৃষ্টিতে
হাওরে সৃষ্ট জলাবদ্ধতায় তাঁর মতো ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। পরিবেশ না মেনে হাওরে উঁচু রাস্তা নির্মাণ, অপরিকল্পিত উন্নয়ন, পলি জমে নদী ভরাট হওয়া এবং ফসল রক্ষার বাঁধের ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

আবদুল্লাহপুর গ্রামের কৃষক কামরুল হাসান  বলেন, উজানের পানি নামলেই এই হাওরে পানি ঢুকে পড়ে। হবিগঞ্জ সীমান্তের শিবপুর এলাকার খোয়াই নদ ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছরই অষ্টগ্রাম অংশে জলাবদ্ধতা তৈরি হয়। কৃষক নজরুল ইসলাম জানান, তাঁর ৯ একর জমির মধ্যে সাত একরই তলিয়ে গেছে। পানি না কমলে বাকি জমিও তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ইতিমধ্যে জমিতে পানি জমে থাকায় ধানগাছের গোড়ায় পচন ধরেছে।

এ সময় আরেক কৃষক রমজান আলী বলেন, দেড় লাখ টাকা ঋণ নিয়ে এবার বোরো আবাদ করেছিলেন। ধান বিক্রি করেই ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু ধান পাকতে শুরু করতেই তা পানিতে তলিয়ে গেছে। এখন ঋণ শোধ ও সংসার চালানো-দুটোই অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে পাকা ধান তলিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে এ-সংক্রান্ত সঠিক হিসাব নেই। তবে কৃষকদের দাবি, সব মিলিয়ে দুই থেকে আড়াই হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, পলি জমে নদীর পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় অষ্টগ্রামের হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব পেতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে গতকাল বিকেলে থেকে আজ বিকেল পর্যন্ত থেকে থেকে বৃষ্টিসহ ঝড় তুফান হওয়ায় আর বজ্রপাতে ভয় থাকায় কৃষকেরা মাঠে নামছেন না।

তিনি জানান, ধানগাছ ৫-৬ দিন পানির নিচে থাকলে ক্ষতি বাড়বে, এর আগে পানি নেমে গেলে ক্ষতি কম হতে পারে। তাই ৮০ শতাংশ ভাগ পাকা ধান কেটে ফেলার নির্দেশ দেন। তিনি আরো জানান, আজ পর্যন্ত হাওরে ৪৮ শতাংশ ভাগ ধান কাটা হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়