শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন

দেশের ছয় জেলায় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়, জামালপুর ও নাটোরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরের পাঁচ জেলায় ৯ জন নিহত হয়েছেন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়। জেলায় চারজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় একজন, পঞ্চগড়ে একজন ও নাটোরে একজন নিহত হয়েছেন।

গাইবান্ধা: বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আজ রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে মো. ফুয়াদ চৌধুরী (৩৩), মো. ছোটন চৌধুরীর ছেলে মো. রাফি চৌধুরী (১১) ও নবীর হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (২০)। আর আহত হয়েছেন শামীম মিয়া (১৮)। তিনি ওই গ্রামের মো. আবদুল হাই মিয়ার ছেলে।

এ ছাড়া সাঘাটা উপজেলায় নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ও ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মণ্ডল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ আকাশ মেঘে ঢেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল হামিদ (৫০)। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া: বগুড়ার গাবতলীতে মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৪টার দিকে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এঘটনা ঘটে।

নিহতের নাম সুমন হোসেন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় দিনমজুর। আজ সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এই ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে তাঁদের সঙ্গে থাকা আরেক শ্রমিকের কোনো ক্ষতি হয়নি।

আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জামালপুর: জামালপুরে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে মেলান্দহ উপজেলায় রান্না ঘরে কাজের সময় মর্জিনা বেগম (২২) ও সদর উপজেলার চরযথার্থপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে হাসমত আলী হাসু (৪৫) নিহত হন। ।

মর্জিনা বেগম উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কড়ইচুড়া গ্রামের রাজিবের স্ত্রী। ঘটনার সময় তিনি রান্নাঘরে কাজ করছিলেন। বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় শেফালী (২৮) নামের আরেক নারী আহত হয়েছেন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে হাসমত আরী হাসু (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। তিনি হাবিব মন্ডলের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি ওবাইদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাটোর: নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আজ সকালে দলবদ্ধভাবে ধান কেটে বিকেলে সেই ধান সম্রাটসহ আরও কয়েকজন মিলে ওই গ্রামের কৃষক আউয়ালে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে সম্রাট ধানের বোঝা মাথা থেকে নামিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়