শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোনের বাড়ি ঈদের উপহার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল নুর ইসলামের

ঈদ উপলক্ষ্যে বোনের বাসায় উপহার হিসেবে সেমাই ও চিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন দুই বন্ধু। কিন্তু আনন্দযাত্রার মাঝপথেই সব শেষ হয়ে গেল ঘাতক বাসের চাকায়। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. রয়েল ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলায় যাচ্ছিলেন নুর ইসলাম ও তার বন্ধু রয়েল ইসলাম। তারা মূলত বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে। আহত মো. রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একইসাথে আহত রয়েল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।'

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, খবর পাওয়ামাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত এবং আঘাত খুব বেশি গুরুতর নয়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়