শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন ◈ রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

‘গিফট বক্সের’ ওপরে লেখা ছিল না শুভেচ্ছা। ভেতরে ছিল ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে।

আটক মাইদুল ইসলাম (৫০) কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে সাবেক শিক্ষক ও কৃষক বলে দাবি করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও আঞ্চলিক উপপরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওর সুপারিশ করতে ৯ ফেব্রুয়ারি (সোমবার) উপপরিচালকের কার্যালয়ে যান মাইদুল ইসলাম।

এক সপ্তাহ পর আবারও আজ সোমবার উপহারের বাক্সে করে ৭ লাখ টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগমের কক্ষে যান। সেখানে তাঁকে সুপারিশের বিনিময়ে বাক্সটি গ্রহণ করতে বলেন। এ সময় বাক্সের ভেতরে টাকা থাকার বিষয়টি জানালে রোকসানা বেগম কর্মচারীদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে আটক করে বিকেলে থানা নিয়ে যায়।

অভিযুক্ত মাইদুল ইসলাম ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আলাপ করতে আসছি। ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে আমি আগে কখনো দেখিনি। তবে তিনি গত সোমবার আমার অফিসে এসেছিলেন। আজকে (সোমবার) তিনি রৌমারীর কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওর সুপারিশ করতে এসে উপহারের বাক্সটি টেবিলে রাখেন। তখন মেসেজে দেখান—একজন শিক্ষকের জন্য ৫ লাখ, তিনজন কর্মচারীর জন্য ৩ লাখ; মোট ৮ লাখ টাকা এখানে আছে। এটা দেখে অফিসের কর্মচারীদের দিয়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা ৭ লাখ টাকা জব্দ করে।’

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, খবর পেয়ে জিডিমূলে টাকা জব্দসহ ওই ব্যক্তিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুদককে জানানো হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়