শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৬টি আসনে ভোট প্রয়োগ করবেন ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮জন ভোটার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার (১২) ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রার্থীদের প্রচার প্রচারণা শেষে এখন শুধু ভোট প্রয়োগের অপেক্ষা।

ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল ১০টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রভিত্তিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন।

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪জন।

সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন পুরুষ, ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।

উল্লাপাড়া-সলঙ্গা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসন। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। যার মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন পুরুষ, ২ লাখ ৩২ হাজার ১২৫ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার  রয়েছে ১৬জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ ৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার রয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন।এর মধ্যে নারী ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন, পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনা এবার জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন। এদের অধিকাংশই নারী ও তরুণ ভোটার।

তাই প্রার্থীরা নিজ নিজ এলাকার নারী ভোটারদের তাদের পক্ষে নেওয়ার জন্য ইতিমধ্যে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা শেষ করেছেন। এখন শুধু ভোট নেওয়া আর ফলাফলের অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ জন প্রার্থী  নির্বাচনের মাঠে থাকলেও একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিরাজগঞ্জে এবার দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে বিএনপি ও তার দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাথে। মূলত এই দুটি দলের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

ছয়টি আসনেই বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীরা সমানতালে প্রচার প্রচারণা করেছেন। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জে বিএনপিকে এবার জামায়াতের সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। বিশেষ করে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে লড়াই বেশ জমে উঠেছে।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলীর বিপরীতে মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ আসনে উভয় দলেরই রয়েছে শক্ত অবস্থান  ফলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন ভোটাররা।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনেও প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র। এখানে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জেলা জামায়াতের নায়েব এ আমির আলী আলম। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জামায়াতে ইসলামীর ভোট ব্যাংকের কারণে এই আসনেও প্রতিযোগিতা কঠিন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে ।

বাকি চারটি আসনের মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) ও সিরাজগঞ্জ-২ সদর আসনে জামায়াতে ইসলামীর সরাসরি প্রার্থী থাকলেও বাকি দুইটি আসনে জোটগতভাবে তারা সমর্থন দিয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে।

নির্বাচনী প্রচারণায় বিএনপি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতা ও নারী বিদ্বেষের অভিযোগ তুলে ধরেছে। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতারা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ করে ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছেন।  

এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াতে ইসলামী বিএনপির ওপর নির্ভর করে এতোদিন রাজনীতি করেছে। জনগণ তাদের অতীত জানে তাই ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তিনি আশা করেন, সিরাজগঞ্জের ছয়টি আসনেই বিএনপি জয়লাভ করবে।

অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। এ কারণে ভোটাররা এবার দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তরুণ  ও নারী ভোটারদের হাতেই এবার নির্ভর করছে সিরাজগঞ্জের ছয়টি আসনের  দুই দলেরই জয় পরাজয়।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটের নিরাপত্তায় ১৭ জন নির্বাহী হাকিম, ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ, ১২ হাজার আনসার সদস্য ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ সদস্যদের কাছে অন্তত ৩০০ ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে। দায়িত্বরতদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক পদমর্যাদার ছয়জন কর্মকর্তার কাছে অভিযোগ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়