শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০১:৫৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ৯ লাখ টাকার মাছ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে জেলেদের টানা জালে ধরা পড়েছে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ও গোদারবিল এলাকার উপকূলীয় সৈকতে এ মাছগুলো ধরা পড়ে। বিপুল পরিমাণ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সৈকতে ভিড় জমান। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন জালে এই বিপুল পরিমাণ মাছ আটকা পড়ে। সাগরের খুব কাছেই জেলেরা জাল টানলে দেখা যায়, এতে প্রচুর পরিমাণ ফাইস্যা ও ছোট-বড় ছুরি মাছ ধরা পড়েছে। সাগর থেকে মাছ তোলার পরপরই পাইকারি ক্রেতারা তা কিনে নেন। এসব মাছের একটি বড় অংশ শুঁটকি মহালগুলোতে পাঠানো হয়েছে। 

জালের মালিক মৌলভী হাফেজ আহমদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় আজ হঠাৎ করেই সাগরে প্রচুর মাছ ধরা পড়েছে। আমার এক জালে ১০৬ মণের বেশি মাছ উঠেছে, যা প্রায় ৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। বছরের শুরুতে এমন প্রাপ্তি জেলেদের মাঝে আনন্দ বয়ে এনেছে।”

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, “অনেক দিন সাগরে মাছ পাচ্ছিলাম না। অভাবের কারণে আমাদের কিস্তিতে সংসার চালাতে হচ্ছিল। আজ আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এই মাছ বিক্রির টাকা দিয়ে ইনশাআল্লাহ কিস্তি পরিশোধ করতে পারব।” 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, ধরা পড়া মাছের মধ্যে ছুরি মাছের পরিমাণই সবচেয়ে বেশি। তিনি বলেন, “শীত মৌসুমে এ মাছের প্রজনন বেশি হয়। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা ও প্রজনন মৌসুমে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় এখন মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিয়ম মেনে মাছ শিকারের সুফল পাচ্ছে জেলেরা, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।” সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ