জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে শীতকালীন ফুলকপি চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় এ মৌসুমে ফুলকপি চাষ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাজারে ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মুখে এখন সন্তুষ্টির হাসি।
উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে—শীতকালীন সবজিতে ভরে গেছে মাঠ। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে ব্যাপকভাবে। জমি থেকে তুলেই কৃষকরা বাজারজাত করছেন কপি। ট্রাক বোঝাই করে পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে। ফলে উৎপাদন ও বাজার—দুই দিকেই ভালো অবস্থানে রয়েছেন চাষিরা। সাথী ফসল হিসেবেও অনেকে ফুলকপি চাষ করে বাড়তি আয় করছেন।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ফুলকপি পাইকারি বিক্রি হচ্ছে মণপ্রতি ১২০০ টাকা দরে। খুচরা বাজারে কেজিপ্রতি মূল্য ৪০ টাকা।
আন্দলবাড়িয়া করচাডাঙ্গাঁ গ্রামের চাষি আজিবার রহমান জানান, “গতবার ভালো লাভ হওয়ায় এবারও ১ বিঘা জমিতে নিনজা জাতের ফুলকপি চাষ করেছি। প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো জমির কপি একবারেই ৯০ হাজার টাকায় বিক্রি করেছি। খরচ বাদে আড়াই মাসে ৫০ হাজার টাকা লাভ হয়েছে।”
বাঁকা গ্রামের চাষি আবু জাফর বলেন, “কচু চাষে লোকসান হওয়ায় সেই জমিতে ফুলকপি লাগাই। এবার ফলনও ভালো, বাজারও ভালো। পাইকারি ১১০০–১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এক বিঘায় প্রায় ১০০ মণ কপি উঠছে। এমন দাম থাকলে ভালো লাভ হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, “এবার প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম থাকায় শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলায় মোট ২৫৬ একর জমিতে ফুলকপি চাষ হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।“