শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন অর্ধেকেই থেমে গেল

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের নতুন তিনতলা ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। প্রায় তিন বছর আগে কাজ শুরু হলেও এখনো অর্ধেকের বেশি শেষ হয়নি। ছয় মাস আগে ছাদ পর্যন্ত কাজ করে কার্যক্রম স্থগিত করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে রড, ইট ও বালুর মতো মূল্যবান উপকরণ অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের নিচতলায় চলছে দফতরের কার্যক্রম। আর নতুন ভবনের সামনে ফেলে রাখা নির্মাণসামগ্রীর ওপর ধুলো-বালি ও ছ্যাওলা জমে গেছে, যেন বহুদিনের পরিত্যক্ত স্থাপনা।

জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ভবনটির কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। কাজের দায়িত্ব পায় মেসার্স বার্ডস কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী, এক বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা ছিল। কিন্তু শুরুতেই স্থানীয় সহ-ঠিকাদারদের কাছ থেকে সামগ্রী নিয়ে আংশিক কাজ করে প্রতিষ্ঠানটি আবার বন্ধ করে দেয়। একাধিকবার সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কাজ এগোয়নি।

প্রকল্প সূত্র জানায়, প্রভাব খাটিয়ে বার্ডস কনস্ট্রাকশন বিভিন্ন জেলায় ভবন নির্মাণের অনুমোদন নিয়েছিল। কিন্তু একটিও কাজ সময়মতো শেষ করতে পারেনি। নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাত দেখিয়ে বারবার কাজ স্থগিত করেছে তারা।

স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, উপকরণে অনিয়ম হয়েছে। দরপত্র-সংক্রান্ত নথি চাইলে প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেখাতে রাজি হয়নি।

কেন্দ্রের অফিস সহকারী মো. আজহার আলী বলেন, ‘২০২২ সালে কাজ শুরু হওয়ার পর থেকে কতবার বন্ধ হয়েছে, তার হিসাব নেই। এখন ভবনের ভেতর নেশাখোরদের আড্ডা বসে।’

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আদনান ইসলাম জানান, ‘এক বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি। বিভিন্ন অংশে ছ্যাওলা পড়ছে। রাত হলে মাদকসেবীরা ভিড় করে, এতে নিরাপত্তা হুমকির মুখে পড়ছি।’

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘তিন বছরেও ভবনের কাজ শেষ হয়নি। আমরা বাধ্য হয়ে পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছি।’

এলডিডিপি প্রকল্পের পরিচালক ডা. জসিমউদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠানটি মানসম্মত না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরাও বিব্রত। দ্রুত কাজ শুরু করাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বার্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবুল কাসেম সীমান্ত বলেন, ‘এই কাজ নিয়ে অনেক ক্ষতি হয়েছে। সরকার ফান্ড না দেওয়ায় রাগ করে কাজ বন্ধ রেখেছি। টাকা পেলে আবার শুরু করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়