মহসীন কবির : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির নেতা পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে। চ্যানেল২৪ ও বাংলানিউজ
[৩] মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ হাইস্কুল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নজরুল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে ছাত্রলীগকর্মী রাকিব হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
[৪] পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাতে আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় আহত ছাত্রলীগকর্মী রাকিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়।
[৫] এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমানউল্লাপুরে অভিযান চালায়। অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী এবং তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।