স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেটারদের ফর্মের ওপর নির্ভর করে দলে টিকে থাকাটা। কারণ ক্রিকেটারের সংখ্যাটা এখন পর্যাপ্ত। তাই ফর্ম পড়ে গেলেই দল থেকে ছিটকে পড়তে হয় অনেক বিখ্যাত ক্রিকেটারদের। কখনো কখনো সেই বাদ পড়া খুলে দেয় ক্যারিয়ার শেষ হওয়ার দরজা। এমনভাবেই অভিষেকের ঠিক ১৩ বছর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় পেসার আরপি (রুদ্র প্রতাপ) সিং।
৩২ বছর বয়সি বাঁহাতি এই পেসারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছেন ৮২ ম্যাচ, উইকেট নিয়েছেন ১২৪টি। অবসরের ঘোষণা দিয়ে গতকাল আরপি সিং টুইট করেছেন, ‘আজ আমি আমার বুট জোড়া তুলে রাখছি। আমার এই যাত্রা সম্ভব করার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি।’
ভারতের হয়ে ১৪ টেস্টের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরপি সিং। ২০০৬ সালের জানুয়ারিতে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই জেতেন ম্যাচসেরা পুরস্কার। ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নাম তুলেছিলেন লর্ডসের অনার্স বোর্ডে। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট জয়ে নিয়েছিলেন ৬ উইকেট।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর তিনি দল থেকে বাদ পড়েন। এরপর তিন বছর কোনো টেস্ট খেলেননি। ২০১১ সালে হঠাৎ করেই আবার ডাক পান দলে। তখন তিনি মিয়ামিতে ছুটি কাটাচ্ছিলেন। ইংল্যান্ডে ওভালে চতুর্থ টেস্টের জন্য তাকে উড়িয়ে আনা হয়। অবশ্য ইংল্যান্ডের একমাত্র ইনিংসে ৩৪ ওভার বল করেও কোনো উইকেট পাননি।