স্পোর্টস ডেস্ক: আইপিএলে আবারও কোচ হিসেবে দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে। ভারতীয় দলের প্রধান কোচকে পেতে আগ্রহ দেখিয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে একটি দলের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে তাঁর। তবে এখনই আইপিএল নিয়ে ভাবতে রাজি নন গম্ভীর। আপাতত জাতীয় দলের দায়িত্বেই মনোযোগ তাঁর।
নিউজিল্যান্ড সফরে ব্যস্ত ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টেস্ট খেলবে তারা। এর মধ্যেই গম্ভীরকে ঘিরে আইপিএলের দলগুলির আগ্রহের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের আইপিএলের আগে তাঁকে কোচ হিসেবে পেতে চাইছে চারটি ফ্র্যাঞ্চাইজি।
রাহুল দ্রাবিড়ের পর ২০২৪ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন গম্ভীর। এর আগে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। পরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অধীনে ২০২৪ সালে আইপিএল শিরোপা জেতে কেকেআর। এর আগে দলটির অধিনায়ক হিসেবেও দুবার চ্যাম্পিয়ন হয়েছেন গম্ভীর।
গম্ভীরকে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কেকেআর ও রাজস্থান রয়্যালস। কেকেআরের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। দলটির কর্ণধার শাহরুখ খানও গম্ভীরের জন্য দরজা খোলা রেখেছেন। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছে বলে জানা গেছে। ভারতীয় দলের কোচও সম্ভাব্য বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন।
বাকি দুটি ফ্র্যাঞ্চাইজিও গম্ভীরের প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে কাউকেই এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে আইপিএলে ফেরার বিষয়ে আপাতত আগ্রহী নন এই কোচ। উপযুক্ত সময়েই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। বিশ্বকাপের আগে তাঁকে ছাড়ার সম্ভাবনা কম। চুক্তির মেয়াদ বাড়লে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে অপেক্ষা করতে হতে পারে আরও দীর্ঘ সময়।